নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে পদত্যাগ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই তিনি দায়িত্ব ছাড়বেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সঙ্গে তাঁর ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় এই স্থানীয় কোচ। তিনি ইতোমধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
দুবাইয়ে আইসিসির সভায় থাকা অবস্থায় আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, “হ্যাঁ, মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।” তাঁর সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও।
গত বছর ৫ নভেম্বর বিসিবিতে যোগ দিয়েছিলেন সালাউদ্দিন। ডেভিড হেম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তিনি বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিজ্ঞ কোচ।
এ অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি নতুন ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে।
আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে—প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর।


