পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা–২০২৬। এ মেলা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবস্থিত মেলার স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ভবনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এটি একই ভেন্যুতে পঞ্চমবারের মতো আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চলতি বছরের জন্য ‘পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস’কে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
এবারের বাণিজ্যমেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ মোট ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলায় ৩২৪টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি এবং জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি শিল্পোৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে।


