২০২৬ ফিফা বিশ্বকাপ আর মাত্র ১৮৭ দিনের দূরত্বে। ফুটবলের মহাযজ্ঞকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে প্রতীক্ষিত গ্রুপ–ড্র অনুষ্ঠান। তিন স্বাগতিক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ড্র–তে বিশ্ব ফুটবলের সাবেক তারকারাও অংশ নেন। উপস্থিত ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিসহ টম ব্রেডি, ওয়েইন গ্রেটস্কি, অ্যারন জাজ এবং শাকিল ও’নিলের মতো ক্রীড়া কিংবদিন্তিরা।
ড্র–এর শুরুতেই ঘোষণা করা হয় তিন স্বাগতিক দেশের গ্রুপ। পরিকল্পনা অনুযায়ী মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে স্থান পায়। এরপর শুরু হয় বাকি ৪৫ দলের ভাগ্য নির্ধারণের অনুষ্ঠান। কয়েক ধাপে ড্র সম্পন্ন হওয়ার পর দেখা যায়, একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে। অর্থাৎ গ্রুপ পর্বেই লড়াইয়ে নামবেন সময়ের দুই সুপারস্টার—ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড।
ড্র–তে আর্জেন্টিনা ও ব্রাজিল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বলে বিশ্লেষকদের মত। আর্জেন্টিনা গ্রুপ ‘জে’য় অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের মুখোমুখি হবে। আর ব্রাজিল গ্রুপ ‘সি’তে পড়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে।
এক নজরে বিশ্বকাপের সব গ্রুপ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে–অফ ডি জয়ী দল
গ্রুপ বি: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে–অফ এ জয়ী দল
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে–অফ সি জয়ী দল
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে–অফ বি জয়ী দল
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে–অফ ২ জয়ী দল
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে–অফ ১ জয়ী দল
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
বিশ্লেষকদের মতে, ৪৮ দলের এই বর্ধিত বিশ্বকাপ নতুন উত্তেজনা ও চ্যালেঞ্জ নিয়ে ফুটবলপ্রেমীদের সামনে হাজির হচ্ছে। বিশেষ করে ফ্রান্স–নরওয়ে লড়াই গ্রুপ পর্বেই বিশ্ব ফুটবলে নতুন মাত্রা যোগ করবে।


