ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে আরপোরা এলাকার ‘বার্চ বাই রোমিও লেন’ ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সূত্রে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রমোদ সাওয়ান্ত তাঁর পোস্টে লেখেন, গোয়ার জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক দিন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।
পুলিশ জানায়, ক্লাবটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা লোকজন বের হতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আসে পরে। গোয়া পুলিশ মহাপরিচালক অলোক কুমার জানান, মরদেহ উদ্ধারের কাজ শেষ হয়েছে এবং ঘটনাস্থল নিরাপদ করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে ফরেনসিক দল কাজ করছে। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসন নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের সহায়তা করছে।
তথ্যসূত্র: এনডিটিভি


