রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদমাধ্যম তাস এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত বিমানটি এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান। কার্গো পরিবহনে ব্যবহৃত এ ধরনের উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামত করা হয়। এরপর পরীক্ষামূলক উড্ডয়নের (টেস্ট ফ্লাইট) সময় বিমানটিতে পাইলটসহ সাতজন উপস্থিত ছিলেন।
সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই বিমানটি ইভানোভো জেলার একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনাটি জনবসতিহীন এলাকায় ঘটায় অন্য কারও হতাহতের আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।


