মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রোববার ওয়াক্সাকার নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানায়, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত ১৩ জনের পাশাপাশি ৯৮ জন আহত হন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিপদমুক্ত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন।
দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি বা অবকাঠামোগত সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, প্রশান্ত ও আটলান্টিক—দুই মহাসাগরের তীরবর্তী অঞ্চলকে সংযুক্ত করতে ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ পরিষেবা চালু করে মেক্সিকো সরকার। এই পরিষেবার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে নৌবাহিনী। দুর্ঘটনাকবলিত ট্রেনটি ওই আন্তঃমহাসাগরীয় রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ছিল।


