যুক্তরাষ্ট্রের প্রতি বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভকে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, জ্যাভলিন ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করেছে—তা ইউক্রেনীয়দের জীবন রক্ষা করেছে। এই সহায়তার জন্য “প্রতিটি আমেরিকান হৃদয়ের প্রতি” তিনি কৃতজ্ঞতা জানান।
জেলেনস্কি ইউরোপ, জি–৭ ও জি–২০ রাষ্ট্রগুলোর পদক্ষেপের প্রশংসা করে বলেন, যুদ্ধের সময় এসব সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, “শান্তির দিকে প্রতিটি পদক্ষেপই আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিচ্ছি, যেন যুদ্ধ সত্যিকার অর্থে শেষ হয় এবং পুনরায় যেন তা না ঘটে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইউক্রেনকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দেওয়ার পর জেলেনস্কি এ মন্তব্য করেন। ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিপুল সহায়তা দিলেও ইউক্রেন ওয়াশিংটনের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা দেখায়নি।
ঠিক এমন সময় ট্রাম্পের মন্তব্য আসে, যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর একটি সম্ভাব্য প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা জেনেভায় বৈঠক করছেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে ইউক্রেনকে কৃতজ্ঞতা না দেখানোর অভিযোগ তুলে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন। তিনি যুদ্ধকে “মানবিক বিপর্যয়” হিসেবে উল্লেখ করলেও রাশিয়া বা প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি নিন্দা জানাননি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও ট্রাম্প জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বলেছিলেন এবং অভিযোগ করেন, বিপুল আর্থিক সহায়তা পাওয়ার পরও ইউক্রেন যথাযথ সম্মান দেখাচ্ছে না।


