উত্তর আমেরিকার তিন মাসব্যাপী সফল সফর শেষ করেই ফের দেশের বাইরে যাচ্ছেন সংগীতশিল্পী ভাই জুটি প্রীতম হাসান ও প্রতীক হাসান। এবার তারা যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে।
প্রীতম হাসান জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হবে তাদের প্রথম কনসার্ট। সে উপলক্ষে এই সপ্তাহেই বড় ভাই প্রতীক হাসান এবং দলের মিউজিশিয়ানদের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সিডনির পর ১৫ নভেম্বর ভিক্টোরিয়ার মেলবোর্নে হবে তাদের দ্বিতীয় শো। এরপর ১৬ নভেম্বর কুইন্সল্যান্ডের ব্রিসবেনে আরেকটি কনসার্টে অংশ নেবেন দুই ভাই। পাঁচ দিনের বিরতি শেষে ২২ নভেম্বর তারা যাবেন দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে, এবং ২৩ নভেম্বর পারফর্ম করবেন পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে। এই শো দিয়েই শেষ হবে এবারের অস্ট্রেলিয়া সফর, তবে আয়োজকদের অনুরোধে আরও কিছু শো যোগ হতে পারে বলে জানিয়েছেন তারা।
প্রীতম হাসান বলেন, “অস্ট্রেলিয়ায় অনেক বাঙালি ও বাংলা গানের শ্রোতা আছেন। আমরা চাই তাদের সামনে এমন আয়োজন উপহার দিতে, যা সবার মনে জায়গা করে নেবে।”
প্রতীক হাসান বলেন, “দুই ভাইয়ের একসঙ্গে মঞ্চে ওঠা সবসময়ই আনন্দের। দর্শক আমাদের একসঙ্গে দেখতে চায়—এটাই সবচেয়ে বড় প্রেরণা। তাই টানা ট্যুরের পরও আমাদের ক্লান্তি নেই, বরং আবারও শ্রোতাদের সামনে গাইবার উত্তেজনা কাজ করছে।”
প্রতীক ও প্রীতম হাসান সম্প্রতি উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার ২২টিরও বেশি শহরে ২৬টি কনসার্ট সম্পন্ন করেছেন। গত মে মাসে যুক্তরাষ্ট্রের ডালাসে প্রথম শো দিয়ে শুরু হয় সেই সফর, যা শেষ হয় কানাডার ভ্যাঙ্কুভারে।


