অভিনয়ে নিয়মিত না হলেও আলোচনায় থাকেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয়। তবে একসময় দীর্ঘ বিরতিতে চলে যান তিনি, যা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে নিজের বিরতির কারণ জানালেন এই অভিনেত্রী।
কুসুম শিকদার জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা ও প্রতিশ্রুতি বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি নিজেকে কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তাঁর মতে, প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করা মানে শুধু নিজের নয়, অন্যদেরও ক্ষতি করা।
তিনি বলেন, “কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি। আমার মনে হচ্ছিল, আমি এমন একটা সময় পার করছি, যখন হয়তো কথা দিয়ে কথা রাখতে পারব না। তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি—ভাবলাম, আপাতত কাজ না করি। যদি কখনো আবার পারি, করব।”
কুসুম আরও বলেন, “অভিনয় আমার ভালোবাসার জায়গা। কিন্তু আমি চাই, কাজের সময় যেন মনোযোগ, সময় ও দায়বদ্ধতা—সবটুকু দিতে পারি। যখন মনে হয়েছে সেটা সম্ভব নয়, তখনই আমি বিরতি নিয়েছি।”
অভিনয় ছাড়াও কুসুম শিকদার গান ও লেখালেখিতেও যুক্ত। তিনি জানান, কাজ থেকে দূরে থাকলেও সৃজনশীলতা থেকে বিচ্ছিন্ন হননি। নতুন কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই আবার পর্দায় ফিরবেন বলেও ইঙ্গিত দিয়েছেন এই জনপ্রিয় মুখ।


