আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন।
এই সিদ্ধান্তের ফলে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। বিএনপি ও সমমনা জোটের সমঝোতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত। ঢাকার ২০টি আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসনে সরাসরি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়, ঢাকা-১৭ তার অন্যতম। শুরুতে এই আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা গেলেও পরবর্তী সময়ে সমীকরণ বদলে যায়।
বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন আন্দালিভ রহমান পার্থ।
দলীয় সূত্র আরও জানায়, বিএনপির পক্ষ থেকে আন্দালিভ রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি সে প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান এবং ইতোমধ্যে সেখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে ভোলা-১ আসনে বিএনপি প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে বর্তমান সমঝোতার পর ওই আসনে বিএনপি আর কোনো প্রার্থী দেবে না বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিভ রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরও দীর্ঘদিন এই আসনের সংসদ সদস্য ছিলেন।


