শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে পৌঁছান।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তারেক রহমান বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাকর্মীরা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ এলাকায় সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
এর আগে দুপুর ২টা ৫২ মিনিটে গুলশানে অবস্থিত বাসভবন থেকে তিনি জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত নজিরবিহীন জনসমাগম ঘটে।
পরদিন রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেখানে তিনি একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


