বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৫টা ৬ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে বিএনপির মিডিয়া সেলের দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর।
এ ছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও মিডিয়া সেলের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর শেরেবাংলানগরে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।
এর আগে দুপুর ২টা ৫৪ মিনিটে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন তিনি। গুলশান-২ গোলচত্বর হয়ে বনানী, মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমানচত্বর অতিক্রম করে জিয়া উদ্যানে পৌঁছান তারেক রহমান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা।


