দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে আজ বুধবার লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ তার অবতরণের কথা রয়েছে। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তারেক রহমানের এই দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হলেও নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন, ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। সে সময় তিনি দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, এই অনুরোধ যারা মানবেন, তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধা দেখাবেন।
তিনি আরও বলেন, যারা এই অনুরোধ উপেক্ষা করে বিমানবন্দরে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থান্বেষী হিসেবে বিবেচনা করা হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছিলেন তারেক রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার দেশে ফেরার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। দীর্ঘ প্রবাসজীবন শেষে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।


