আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন দলের দায়িত্বশীলরা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, বিমানবন্দর থেকে নামার পর তারেক রহমান প্রথমেই তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে যাবেন। এরপর তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আতিকুর রহমান রুমন বলেন, মানুষের জীবনে মা সবার আগে। সেই বিবেচনায় তারেক রহমান বিমানবন্দর থেকেই সরাসরি মায়ের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে ২৫ ডিসেম্বর রাজধানীতে বড় সমাগমের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতাকর্মীরা তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চান। একই সঙ্গে তারা মনে করেন, তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি। তাই তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্বের বিষয়।
বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীতে রেকর্ডসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি হতে পারে। এত বড় সমাগম সামাল দিতে দল প্রস্তুত রয়েছে বলে দাবি করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর একজন শীর্ষ নেতা দেশে ফিরছেন। এতে মানুষের আবেগ স্বাভাবিকভাবেই প্রবল হবে। তবে এই আবেগ যেন নিরাপত্তার বিষয়কে ছাপিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তারেক রহমানের। এদিন তার অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বিমানবন্দর ও সংশ্লিষ্ট সড়ক পরিদর্শন করেছেন।
সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান কোথা থেকে গাড়িতে উঠবেন এবং কোন পথ দিয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন, সে বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে রুট ও সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।
দলে সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আপাতত তারেক রহমান মায়ের বাসভবন ‘ফিরোজা’য় থাকতে পারেন। এ ছাড়া তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও দেশে আসতে পারেন বলে জানা গেছে।


