বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি নিজেই তার দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। একই সঙ্গে তিনি লন্ডন এয়ারপোর্টে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের না যাওয়ার অনুরোধ জানান।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত সভায় বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থান করেছেন। এ সময়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার বহু স্মৃতি, সুখ-দুঃখের সম্পর্ক তৈরি হয়েছে। তিনি বিশেষভাবে যুক্তরাজ্যে অবস্থানরত তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে চলে যাবেন। সেদিন যেন কেউ তাকে বিদায় দিতে এয়ারপোর্টে না যান। এয়ারপোর্টে ভিড় হলে হট্টগোল সৃষ্টি হবে এবং সবাই বাংলাদেশি হিসেবে চিহ্নিত হবে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যারা ওই দিন এয়ারপোর্টে যাবেন না, তাদের তিনি দল এবং দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিবেচনা করবেন। বিষয়টিকে তিনি দলীয় শৃঙ্খলা ও জাতীয় মর্যাদার সঙ্গে যুক্ত করে দেখেন।
বক্তব্যের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজের এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।


