বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তাঁর এই আগমনকে বিএনপি শুধু স্বাগতই নয়, আনন্দের সঙ্গেও দেখছে।
তিনি আরও বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেই প্রেক্ষাপটেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালে এক–এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন।
ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কয়েকটি মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর তাঁর দেশে ফেরার পথ উন্মুক্ত হলো।


