বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বাণীতে তিনি নারী জাগরণে বেগম রোকেয়ার অসামান্য অবদান স্মরণ করেন।
তারেক রহমান বলেন, রক্ষণশীল সমাজের প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া অগ্রগতির এক অদম্য প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি জানান, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে থাকা মুসলিম নারীদের আলোর পথে এগিয়ে নিতে বেগম রোকেয়া আজীবন সংগ্রাম করেছেন। কঠোর সামাজিক বাধা সত্ত্বেও তিনি শিক্ষাকে নারীর আত্মমর্যাদা রক্ষার প্রধান হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বেগম রোকেয়ার লেখনি সমাজে বৈষম্যকে প্রশ্নবিদ্ধ করেছে। রক্ষণশীল মহলের বিরূপ প্রতিক্রিয়ার মাঝেও তিনি নারী স্বাধীনতা ও স্বাবলম্বন প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলনের জন্ম দিয়েছিলেন। তারেক রহমান জানান, বেগম রোকেয়ার উচ্চারণের কেন্দ্রবিন্দু ছিল নারীর প্রকৃত মুক্তি, আর সেই আদর্শ আজও নারী সমাজকে উদ্দীপিত করে।
বাণীতে তিনি বেগম রোকেয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।


