বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আবারও পিছিয়েছে। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে না পারায় তাঁর যাত্রা অন্তত আরও এক দিন বিলম্বিত হচ্ছে। সব ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এবং রোববার ৭ ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।
শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এয়ার অ্যাম্বুলেন্স সময়মতো না আসায় বিদেশে নেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে না। তিনি বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখে (রবিবার) ফ্লাই করবেন।’
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, চিকিৎসক জুবাইদা রহমান ঢাকা আসছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তাঁর ফ্লাইট ছেড়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ হৃদ্পিণ্ড, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড ও ফুসফুসে মারাত্মক সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় বিদেশে নেওয়ার প্রস্তুতি আগেই শুরু হয়েছিল।


