জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের সমালোচনা করে দলের প্রতি কড়া বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার ৩ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের উদ্দেশে বলতে হয়, আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র মানুষের সঙ্গে তারা কাজ করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি অভদ্র দল, আর এরাও অসভ্য দল।’
জামায়াতকে ধর্ম বিকৃতকারী দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এরা মওদুদবাদে বিশ্বাস করে, ইসলামে নয়। এসব লোকের হাত থেকে সাবধান থাকবেন।’ তিনি দাবি করেন, এ ধরনের মতবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।
১৯৭১ সালের প্রেক্ষাপট তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা পাকিস্তানি বাহিনীর হাতে বেসামরিক মানুষকে তুলে দিয়েছিল। আজ তারাই ভোট চাইছে এবং বড় বক্তব্য দিচ্ছে। যারা বাংলাদেশ চায়নি, তারাই এখন ভোট চায়।’
বক্তৃতার শেষ দিকে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।


