বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। তবে মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছাড়া দেশে বা বিদেশে চিকিৎসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ডা. জাহিদ বলেন, চিকিৎসকেরা যে সেবা দিচ্ছেন, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। চিকিৎসার প্রতিটি ধাপ নিয়েই বোর্ড পর্যবেক্ষণ করছে। বিদেশে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কি না, সেটিও বোর্ডের মতামতের ভিত্তিতে নির্ধারিত হবে।
তিনি জানান, চিকিৎসা প্রক্রিয়ায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। এ সংকটময় সময়ে দেশবাসীর দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, সবার প্রার্থনায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তাঁরা আশাবাদী। তিনি দেশবাসীকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ একাধিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর জরুরি অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।


