বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময়ে সহযোগিতা ও শুভকামনার জন্য দেশ-বিদেশের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার প্রধান উৎস।
মঙ্গলবার বেলা ১১টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, বিশ্বের নানা প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য যে শুভকামনা ও সহযোগিতা পাওয়া যাচ্ছে, তার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুদের উদ্বেগ ও দ্রুত আরোগ্যের কামনা তাঁদের গভীরভাবে স্পর্শ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও লিখেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাঁদের পরিবারের কাছে অমূল্য। তিনি বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থন ও সংহতিই এই কঠিন সময়ে পরিবারের প্রধান শক্তি। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় তিনি সবাইকে অব্যাহত দোয়া করার অনুরোধ জানান।
গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। লিভারের জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসসহ একাধিক সমস্যা থাকায় তাঁর চিকিৎসা আরও কঠিন হয়ে উঠেছে। কয়েক দিন ধরে অবস্থার অবনতি হলে তাঁকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। পরে গত রোববার মধ্যরাতের পর অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ভেন্টিলেশনে রেখে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।


