রাজধানী ঢাকা-তে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো শহর। শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে দৃশ্যমানতা কমে যায়। এতে কয়েকটি এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
এ সময় সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। কুয়াশার কারণে যান চলাচলে সতর্কতা বাড়ে।
ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কম ছিল। তবে প্রয়োজনের তাগিদে যারা বাইরে বের হয়েছেন, তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


