ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা শাহবাগে অবস্থান নেন।
এর আগে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অবরোধ কর্মসূচি শুরু হয়।
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
ইনকিলাব মঞ্চ জানায়, শুক্রবার সকালে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়। এরই অংশ হিসেবে রাজধানীতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টায় তিনি মারা যান।
ইনকিলাব মঞ্চের নেতারা দাবি করেন, অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে।


