চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
অভিযোগের তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন জানিয়েছে, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নেতার সংশ্লিষ্টতা রয়েছে। বিশেষ করে ওবায়দুল কাদেরের উসকানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় বিচারযোগ্য। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।


