মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে আজ সকালে সর্বশেষ দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি।
ওমর বিন হাদি ফোনে জানান, সকালে দেখা হলেও হাদির অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনো খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ জানান, গতরাতে হাদির একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পাশাপাশি তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এসব কারণে রাতেই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
ডা. আব্দুল আহাদ বলেন, বর্তমানে হাদি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন। মস্তিষ্কে গুলিবিদ্ধ হওয়ার জটিলতার সঙ্গে নতুন করে হার্ট অ্যাটাক ও সংক্রমণ পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।
এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং গতরাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন বলে উল্লেখ করে। বিষয়টি নিয়ে রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিস্থিতি বিবেচনায় সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে। তিনি হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর সরকারের সঙ্গে জরুরি বিষয়গুলো সমন্বয় করবেন।
এ ছাড়া বৃহস্পতিবার সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে অনির্ধারিত আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের হাদির হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের সর্বশেষ অগ্রগতির বিষয়েও অবহিত করা হয়।


