মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী উপস্থাপন করা হয়।
এ ছাড়া সশস্ত্র বাহিনীর উদ্যোগে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনের আয়োজন করা হয়। একই সময়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল বাদ্য পরিবেশন করে। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকাতেও সীমিত আকারে ব্যান্ড পরিবেশন অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনীর ব্যবস্থাপনায় সীমিত পরিসরে ফ্লাই পাস্ট পরিচালিত হয় খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম শহর ও ফৌজদারহাট এলাকা, কক্সবাজার এবং মাতারবাড়ী এলাকায়।
বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন প্যারাট্রুপার মোট ৫৪ জন সদস্য জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। এটি এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্পের উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এই উদ্যোগ সফল হলে প্রথমবারের মতো এ রেকর্ড বাংলাদেশের পক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আয়োজকেরা জানান, এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি তুলে ধরতে সহায়ক হবে। একই সঙ্গে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগ্রত করবে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক, সশস্ত্র বাহিনীর প্রধানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা এবং বরিশালসহ বিআইডব্লিউটিসির বিভিন্ন ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর বিভিন্ন জাদুঘর বিনা টিকিটে সর্বসাধারণের জন্য খোলা রাখা হয়।


