দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে গুরুতর ইনজুরি রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির চিকিৎসায় যুক্ত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ড এক বিবৃতিতে এসব তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার ফলে হাদির মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় বর্তমানে তাঁকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে সব ধরনের মেডিকেল সাপোর্ট চালু রয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
মেডিকেল বোর্ড জানায়, তাঁর ফুসফুসে ইনজুরি বিদ্যমান থাকায় চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের হচ্ছে। সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে। কিডনির কার্যক্ষমতা আপাতত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স কঠোরভাবে বজায় রাখা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, আগে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন চলমান থাকবে। ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা দেখা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত রয়েছে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে অস্থায়ী পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে।
মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের মানবিক ও পেশাদার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিবৃতিতে জানানো হয়, এই মেডিকেল সামারি ওসমান হাদির ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে। অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা এবং কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে মেডিকেল বোর্ড।


