রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে আছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদলে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
প্রধান উপদেষ্টার এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সাম্প্রতিক একাধিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে। শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন।
ওই বৈঠকে দেশের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঝুঁকি এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময়ের অংশ হিসেবে শনিবারের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


