ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে আগুন লাগার পর দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনের বিভিন্ন তলা থেকে অন্তত ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে।
তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামে ১২ তলা একটি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এ পর্যন্ত ভবনের বিভিন্ন তলা থেকে সিঁড়ি ব্যবহার করে ৪৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তবে আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তারা।


