আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। সন্ধ্যা ৬টার পর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বৃহস্পতিবার ৩০০টি আসনে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করা হবে। সন্ধ্যায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণার পাশাপাশি ভোট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জাতিকে অবহিত করা হবে।
তফসিল ঘোষণার আগে বুধবার দুপুরে সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের ইসি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে রাষ্ট্রপতির প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পাওয়া যায়। প্রতিনিধি দল নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি—ভোটার তালিকা, ব্যালট পেপারের ধরন, রং, বিতরণ ও গণনার পদ্ধতি—সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনকালে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তকেও যৌক্তিক বলে মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের এক সদস্য জানান, ৮ ফেব্রুয়ারি অথবা ১২ ফেব্রুয়ারি—এই দুই দিনের যেকোনো একদিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরে গত ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশনের অন্যান্য চার সদস্য হলেন আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার আহমেদ।


