গণঅভ্যুত্থান–পরবর্তী আসন্ন জাতীয় নির্বাচনকে নতুন বাংলাদেশ গঠনের ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও স্মরণীয়ভাবে আয়োজন করতে না পারলে জাতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ভিডিও কনফারেন্সে ইউএনওদের পাশাপাশি সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য কোনো প্রজন্ম হয়তো এ সুযোগ আর পাবে না। তিনি সতর্ক করে বলেন, “এ সুযোগ কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব, আর ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে।” তিনি অতীতের নির্বাচনগুলোর সমালোচনা করে বলেন, বিগত আমলে হওয়া নির্বাচনগুলোকে কোনো সুস্থ মানুষই গ্রহণযোগ্য বলে বিবেচনা করেননি।
তিনি ইউএনওদের স্মরণ করিয়ে দেন যে আগামী নির্বাচন একটি ঐতিহাসিক দায়িত্ব। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা গেলে নির্বাচনের দিনটি জনগণের জন্যও হবে স্মরণীয় এক দিন। তিনি বলেন, “আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলেই সরকার তার দায়িত্ব পালন করতে পারবে। আগামী নির্বাচন পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য গুরুত্বপূর্ণ।”
গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে স্থায়ী পরিবর্তনের ভিত্তি তৈরি করা সম্ভব। তিনি সদ্য যোগ দেওয়া ইউএনওদের একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজনের দায়িত্ব স্মরণ করিয়ে দেন। প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন, এলাকাবাসী ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা এবং পূর্ণ প্রস্তুতি গ্রহণের ওপর তিনি জোর দেন।
ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন করতেও নির্দেশ দেন তিনি। “ভোটারদের বোঝাতে হবে—আপনারা মন ঠিক করে আসুন, হ্যাঁ দেবেন নাকি না দেবেন,” বলেন ড. ইউনূস।
তিনি কর্মকর্তাদের ‘ধাত্রী’র সঙ্গে তুলনা করে বলেন, “ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়।” তাই সৃজনশীলতা, অপতথ্য প্রতিরোধ এবং সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। নারীদের ভোটকেন্দ্রে আসতে সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
প্রধান উপদেষ্টা জানান, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তিনি ইউএনওদের বলেন, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কী কাজ কখন সম্পন্ন করতে হবে—তার পরিকল্পনা এখন থেকেই তৈরি করতে হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


