ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্র জানায়, তফসিল ঘোষণার ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কিংবা আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ।
মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার বৈঠকের পর সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। তিনি জানান, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
ইসি সূত্র আরও জানায়, তফসিল ঘোষণার অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করতে চিঠি দেওয়া হয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণামূলক ভাষণ বুধবার বিকেল ৪টার দিকে রেকর্ড করা হবে।
এর আগে সিইসি দুপুর সাড়ে ১২টায় অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি উপস্থাপন করবেন। কমিশন সূত্র জানায়, রেকর্ড করা ভাষণ বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রচারের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে।
অতীতের নজির তুলে ধরে কমিশন কর্মকর্তারা জানান, আগেও ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণা করা হয়েছে। এবারও একই ধারায় তফসিল ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, বিটিভি ও বেতারকে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যদিও সঠিক সময় তিনি জানাননি। সূত্র জানায়, রেকর্ডের পরই ভাষণ প্রচারের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


