ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার তফসিল ঘোষণার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সূত্র জানায়, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে। এই ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রবিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, প্রতিটি জাতীয় নির্বাচনের আগে সিইসি রাষ্ট্রীয় টেলিভিশন বা বেতারে ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করে থাকেন।
নির্বাচন কমিশন ভবন–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থিতা জমা, যাচাই–বাছাই, মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ সব নির্বাচনপূর্ব প্রক্রিয়া শুরু হবে। কমিশন ইতিমধ্যে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদেরও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।


