রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে সকাল পৌনে ৮টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)। তাঁদের হাসপাতালে নিয়ে আসেন মেয়েজামাই আফরান মিয়া। তিনি জানান, আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের পাশের বাসায় তাঁর শ্বশুর জলিল মিয়া পরিবারসহ থাকেন। ভোরে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পুরো ঘরে আগুন ধরে যায় এবং পরিবারের ছয় সদস্যই দগ্ধ হন। পরে দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বর্তমানে তাঁদের ড্রেসিং করছেন। দগ্ধের মাত্রা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


