বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালের মধ্যেই লন্ডনে নিয়ে যাব। সেখানে তাঁর চিকিৎসার জন্য উপযুক্ত একটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।’ তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ে বিমানযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের রোগ এবং চোখের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য প্রথমবার লন্ডনে যান তিনি। সেখানে ১১৭ দিন চিকিৎসা নিয়ে গত ৬ মে দেশে ফেরেন।
চিকিৎসকরা জানান, তাঁর বর্তমান শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি হয়ে পড়েছে। পরিবার ও দলের নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।


