ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ বলে ঘোষণা করা হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে গঠিত এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকালে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বেঞ্চের নেতৃত্ব দেন।
এর আগে গতকাল বুধবার শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। বৃহস্পতিবারের রায়ে আপিল বিভাগ হাইকোর্টের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি দেয়, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করা রিটটি ভ্রান্ত ধারণা ও ভুল ব্যাখ্যার ভিত্তিতে দাখিল করা হয়েছিল এবং এর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়েছে।
শুনানিতে আইনজীবীদের একটি অংশ বলেন, যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতেই আবার একই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যুক্তিসঙ্গত নয়। তাদের মতে, জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতাই সরকারের প্রকৃত বৈধতার উৎস।
অন্যদিকে রিটকারী সিনিয়র আইনজীবী মহসিন রশিদের যুক্তি ছিল, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা নিরাপত্তা কারণে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তাই সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার পরিবেশ তখন বিদ্যমান ছিল না, ফলে শপথ ও গঠনে আইনগত ত্রুটি রয়েছে। তবে হাইকোর্ট তাঁর যুক্তি গ্রহণ করেনি এবং রিট খারিজ করে দেয়।
গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট রায়ে জানায়, দেশের জনগণ বৈধতা দিয়েছে বলেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করেন রিটকারী, যা আজ আপিল বিভাগ খারিজ করে দেয়।


