তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ খালেদা জিয়ার পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে স্বাগত জানান।
হাসপাতালে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। উপস্থিত চিকিৎসকেরা তাকে জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এবং চীনের বিশেষজ্ঞদের সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে।
প্রধান উপদেষ্টা এ সময় পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ জানান।
হাসপাতাল পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।


