বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় যোগ দিতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছেছেন। তিনি বুধবার ৩ ডিসেম্বর সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগমনের সময় সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে রিচার্ড বিলকে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে চলমান চিকিৎসা অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।
এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার অংশ হিসেবে একই দিন বিকালে চীন থেকেও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসবেন বলে জানানো হয়েছে। বিমানবন্দরে তাদেরকেও স্বাগত জানাবেন সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী। চীনা চিকিৎসকদের দলে রয়েছেন ডা. কাই জিয়ানফাং, ডা. ইউয়ান জিন, ডা. ঝাং ইউহুই ও ডা. মেং হং।
বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের এই আগমন ও সম্পৃক্ততার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা দল গঠন করা হয়েছে।


