ডিসেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষিত এই নতুন মূল্য সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করেছে বিইআরসি। নভেম্বরের ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে দাম বাড়িয়ে ডিসেম্বর মাসে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।
এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা ঠিক করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ৫৫ টাকা ৫৮ পয়সা।
নতুন এই বাড়তি দাম ভোক্তাদের ওপর কিছুটা চাপ বাড়ালেও আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার কারণে সমন্বয় জরুরি হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


