বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (Very Important Person—VIP)” ঘোষণা করেছে সরকার। একই প্রজ্ঞাপনে তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এর ফলে এসএসএফ তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও চলাচল সুরক্ষায় দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা জটিলতা এবং একাধিক শারীরিক সমস্যার কারণে খালেদা জিয়া গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে ও বাইরে গভীর উদ্বেগ বিরাজ করছে।


