রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে শেরিং টোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বৈঠক শেষে তাকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করার কর্মসূচি রয়েছে।
বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একান্ত বৈঠক হবে।
সন্ধ্যায় তার সম্মানে সরকারিভাবে নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই সফরে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।


