ঢাকার বংশালের কসাইটুলিতে আজ শুক্রবার সকালে ভূমিকম্পের পর একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু হয়েছে। সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় ভবনটি দুলতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে ওপরের রেলিং ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সড়ক দিয়ে হেঁটে যাওয়া তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বংশাল থানার উপপরিদর্শক আশিষ বলেন, ভূমিকম্পের কারণে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হন। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন এবং ভবনের নিরাপত্তা ঝুঁকি পরীক্ষা করছেন।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবনের অবস্থা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।


