সারা দেশে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে মুক্তি না দেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।
বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পিয়াসকে তুলে নিয়ে গেছে। তারা বলেন, আজকের মধ্যে তাকে মুক্তি না দিলে দেশব্যাপী আন্দোলন শুরু হবে এবং প্রয়োজন হলে “দেশ অচল” করার মতো কর্মসূচিও ঘোষণা করা হবে।
সংগঠনের নেতারা জানান, পিয়াসের নিখোঁজ হওয়ার প্রতিবাদে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখা হবে। পিয়াস শুধু একজন ব্যবসায়ীই নন, তিনি এমবিসিবির সেক্রেটারি হওয়ায় এই ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।
আবু সাঈদ পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, গতরাত ৩টার দিকে মিরপুর–১ এলাকার বাসা থেকে তার স্বামীকে নিয়ে যায় ডিবির পরিচয় দেওয়া ব্যক্তিরা। তিনি বলেন, ডিবি সদস্যরা পিয়াসের মোবাইল ফোনও জব্দ করে নিয়ে যান। পরিবার দ্রুত তার সন্ধান ও নিরাপদ ফেরত দাবি করেছে।


