দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১,০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বাধিক ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন ৩ জন এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রোগী মারা গেছেন।
তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২০ বছরের নিচে চারজন এবং ৪০ বছরের বেশি বয়সেরও চারজন রয়েছেন। নিহতদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান—৫ জন করে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,০৬৯ রোগীর মধ্যে পাঁচ বছরের কমবয়সি শিশু ৫৮ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী তরুণ।
চলতি সপ্তাহেই ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪,৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি পরিবর্তন ও অনিয়ন্ত্রিত মশার প্রজননের কারণে সংক্রমণ পরিস্থিতি জটিল আকার নিচ্ছে।


