রাজধানীসহ দেশের বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দামে স্বস্তি ফিরেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির কেজিপ্রতি দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা হ্রাস পেয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও কাঁচা পেঁপের দাম কমেছে। বর্তমানে শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০–৮০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি ৩০–৫০ টাকায় এবং মুলা ৪০–৬০ টাকায়। কাঁচা মরিচও কমে এসেছে ১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, শীতের সবজির আগমনেই বাজারে স্থিতি ফিরছে।
সবজির দামের পাশাপাশি ডিমের বাজারেও কিছুটা স্থিতি এসেছে। দুই সপ্তাহ আগেও ফার্মের ডজন ডিম ১৪০–১৫০ টাকায় বিক্রি হলেও এখন দাম নেমে এসেছে ১৩০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকায়। তবে সোনালি মুরগির দাম ২৮০–৩০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।
এদিকে, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ শুরু হলেও দাম এখনো চড়া। ৩০০–৪০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, আর বড় ইলিশের কেজি ১,৬০০–২,০০০ টাকা।
পেঁয়াজ ও ডালের বাজার স্থিতিশীল রয়েছে। দেশি পেঁয়াজ ৭৫–৮০ টাকা, দেশি রসুন ১০০–১৪০ টাকা এবং আমদানি করা মসুর ডাল কেজিপ্রতি ৯৫–১০৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনির দাম কিছুটা কমে ১০৫–১১৫ টাকায় এসেছে, তবে ভোজ্যতেলের দাম অপরিবর্তিত রয়েছে।


