দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। নতুন দর মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
বাজুস সোমবার (২৭ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমায় স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম): ২,০৪,২৮৩ টাকা
- ২১ ক্যারেট প্রতি ভরি: ১,৯৪,৯৯৯ টাকা
- ১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৬৭,১৪৫ টাকা
- সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১,৩৮,৯৪২ টাকা
বাজুস জানিয়েছে, প্রতিটি দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে রোববার (২৬ অক্টোবর) বাজুস স্বর্ণের দাম ভরিতে ১,০৩৯ টাকা কমিয়েছিল। ফলে দুই দিনের ব্যবধানে পরপর দুটি দফায় স্বর্ণের দাম কমলো।


