প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর তিনটি আসনে বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী, মনোনয়ন বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতা তৈরি হতে পারত। তবে বর্তমান পরিস্থিতিতে সে সুযোগ নেই।
তিনি বলেন, বাছাইয়ের আগেই খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় আইনগতভাবে তিনি আর লিগ্যাল এন্টিটি নন। সে কারণে তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ হলে তারাই প্রার্থী হবেন।
নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে তিনি পুনরায় বলেন, আইনে এ ধরনের কোনো বিধান নেই। ফলে নির্বাচন নির্ধারিত প্রক্রিয়াতেই এগোবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তার অসুস্থতার কারণে আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়।
ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে তারাই এখন বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি একজন দৃঢ় মনোবলের রাজনৈতিক ব্যক্তিত্ব। শোক থাকলেও জাতির স্বার্থে তাকে শক্ত অবস্থানে থাকতে হবে।


