বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২ জানুয়ারি—এই তিন দিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এসব তথ্য জানান। তিনি বলেন, ৩১ ডিসেম্বর সরকারি ছুটি থাকবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর কবরের পাশে, জিয়া উদ্যানে দাফন করা হবে।
জানাজার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত হবে। সম্ভাব্য সময় হিসেবে আগামীকাল জোহরের পর জানাজা অনুষ্ঠিত হতে পারে। মরদেহ বর্তমানে এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে বুধবার সকালে সেখান থেকে মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। প্রধান সড়ক ব্যবহার করে নেওয়ার পরিকল্পনা থাকায় সময় কিছুটা বেশি লাগতে পারে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। হৃদ্রোগ, ডায়াবেটিস, কিডনি ও লিভার জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
রাষ্ট্রীয় শোক চলাকালে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং উপযুক্ত কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সরকার।


