ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা হবে। তিনি বলেন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সমস্যার সমাধানকে দলটি সর্বোচ্চ গুরুত্ব দেবে।
বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন তিনি।
মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর প্রতি তিনি কৃতজ্ঞ। আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে তিনি মনোনীত হয়েছেন।
শেষে মির্জা ফখরুল এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের মতো এবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সহযোগিতা চান তিনি। একই সঙ্গে জনগণের দোয়া কামনা করেন বিএনপি মহাসচিব।


