রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে—এমন কথা বলা যাচ্ছে না। তার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি এখনো সংকটময় সময় অতিক্রম করছেন।
ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসা কার্যক্রমে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান যুক্ত রয়েছেন।
শনিবার রাতে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ব্রিফিং দেওয়া হয়। এদিকে একই দিন নানা কর্মসূচি শেষে আবারও মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুই ঘণ্টার বেশি সময় হাসপাতালে অবস্থান করেন এবং রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।


